
রাইজিং কুমিল্লা ডেস্ক

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় গণপিটুনিতে গুরুতর আহত সন্দেহভাজন অন্তর মজুমদার মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে একই পরিবারের তিনজনের মরদেহ এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে আটক করে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা অন্তর মজুমদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।
নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৫), তার বড় মেয়ে ছায়মা (২১) এবং ছোট মেয়ে সিফা (১৩)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া অপর মেয়ে ইকরা (১৭)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত ছায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারের কর্তা কামাল হোসেন মারা যাওয়ার পর শাহীনুর বেগম সন্তানদের নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্লাস্টিক পণ্য ফেরি করে বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন তিনি।
পুলিশ জানিয়েছে, নিহত পরিবার ও সন্দেহভাজন অন্তর মজুমদার একই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অন্তরের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়।
এর আগে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছিল।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC