শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরে ভিজিএফের চাল নিয়ে বিতর্ক, বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Controversy over VGF rice in Lakshmipur, slogans in Sheikh Hasina's name on the sacks
লক্ষ্মীপুরে ভিজিএফের চাল নিয়ে বিতর্ক, বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান/ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ১ নম্বর চর কালকিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুস্থদের মাঝে চাল বিতরণের সময় বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে চর কালকিনি ইউনিয়নের চার হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার ওই চাল বিতরণের সময় দেখা যায়, প্রতিটি বস্তার গায়ে লেখা রয়েছে—
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও সরকারি ত্রাণের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর স্লোগান দেখে উপস্থিত সুবিধাভোগী ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে চাল বিতরণ কাজে অংশ নেওয়া সরকারি তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।

এ বিষয়ে উপজেলা খাদ্যগুদাম পরিদর্শক নিশাদ জাহান জানান, সাধারণত গুদাম থেকে চাল সরবরাহের সময় পুরোনো নাম বা স্লোগানগুলো রং দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা থাকে। এরপরও অসাবধানতাবশত দু-একটি বস্তায় আগের লেখা থেকে যেতে পারে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। খাদ্য কর্মকর্তা ও ওসিএলএসডির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিতর্ক এড়াতে বিতরণকেন্দ্রে থাকা বাকি বস্তাগুলোর লেখা অবিলম্বে মুছে ফেলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন