
লক্ষ্মীপুরে অবৈধভাবে পাচারকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩শ’ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মজু চৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট রুট ব্যবহার করে ভোলা ও বরিশালে অবৈধভাবে বিএডিসি’র সার পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত লোহার ট্রলার ভর্তি ৩শ’ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়। পাচারকারী চক্রের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দেলোয়ার হোসেনকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ জানান, সার পাচার রোধে কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। কৃষকের অধিকার রক্ষায় এবং সারের অবৈধ পাচার বন্ধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।









