
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদে নকল ও অনুমোদনহীন ঘি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে পৃথক অভিযানে নিম্নমানের ও অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদের দায়ে আরও এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুরের যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
সমসেরাবাদ এলাকায় অভিযান চালিয়ে নকল ঘির ডিলারশিপের জন্য ব্যবহৃত অনুমোদনহীন ‘টগর’ ও ‘সুমন’ নামীয় ঘি বিক্রির অভিযোগে জেবিএল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজি কুমার চৌধুরীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। এ সময় নকল ঘিগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
অন্যদিকে, লক্ষ্মীপুর সদরের শাখারি পাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে নিম্নমানের খাদ্যপণ্যের ডিলার সুমন চন্দ্র সাহার কাছ থেকে অনুমোদনহীন নিম্নমানের আচার, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। অভিযানে জব্দ করা নিম্নমানের খাদ্যপণ্যও পরে ধ্বংস করা হয়।
লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য অফিসারের সার্বিক সমন্বয়ে পরিচালিত দুই অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আবদুল্লা হিল হাকিম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তাজুল ইসলাম, কমলনগরের উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন এবং রামগতির উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আবুল হাসনাত।
অভিযানে র্যাব-১১-এর একটি দল ও আনসারের একটি দল সার্বক্ষণিক সহযোগিতা করে। এ ছাড়া লক্ষ্মীপুর জেলা পুলিশের একটি দল স্ট্যান্ডবাই অবস্থায় ছিল।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC