
রাইজিং কুমিল্লা ডেস্ক
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুকে শোকজ করেছে ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাকে শোকজ করা হয়। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির বাসিন্দা হতদরিদ্র হতি বেগমের দুটি গরু গত ১০ সেপ্টেম্বর দিনগত রাতে চুরি হয়। এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা গরু দুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এরই মধ্যে মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরু দেখতে পান স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে ও আশপাশে লোকজন জড়ো হন।
পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
নলছারা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান জানান, সকালে দেলোয়ার হোসেন তাকে ফোন করে গরুটি নিয়ে যেতে বলেন। দেলোয়ার তাকে জানান, নলছারা গ্রামের তাজুল ইসলাম (তাজু) ও আলাউদ্দিন কালা নামে দুই ব্যক্তি গরুটি তার গোয়ালঘরে রেখে গেছেন।
তবে চুরি যাওয়া গরুটি কীভাবে বিএনপি নেতার গোয়ালঘরে গেল, তা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, গরু চোররা গভীর রাতে তার গোয়ালঘরে গরুটি রেখে যায়। পরদিন কালু মিয়া ও তাজু ফোন করে গরুটি বিক্রির কথা জানান। পরে তিনি গরু কেনার জন্য বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পরিশোধ করেন।
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, বিষয়টি জানার পর দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে তার কাছে জবাব চাওয়া হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC