
রাইজিং কুমিল্লা ডেস্ক
লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির এক নেতার বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বিএনপি নেতার ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন ওই বিএনপি নেতা ও তার আরও দুই শিশুকন্যা। এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রাতের বেলা স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেনের ৭ বছরের শিশুকন্যা আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন বেলাল হোসেন ও তার আরও দুই কন্যা বিথি আক্তার এবং স্মৃতি আক্তার।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিথি আক্তার ও স্মৃতি আক্তারের অবস্থার অবনতি হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘রাতের আঁধারে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এক শিশুর প্রাণ যায় এবং আরও তিনজন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। আমরা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক শিশুর মরদেহ ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করি। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত ঘটনা নাকি নাশকতা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC