
রাইজিং কুমিল্লা ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতিতে কোরবানির ঈদ উপলক্ষে বাবার বাড়ি থেকে খাসি না দেওয়াকে কেন্দ্র করে সুমি আক্তার নামে এক গৃহবধূকে জ্বলন্ত চুলায় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার আলেকজান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমি আক্তার কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আবুল কালামের মেয়ে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আবদুর রহিম ও শ্বশুর মেজবাহ উদ্দিন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন। কোরবানির ঈদ সামনে রেখে তারা নগদ টাকা ও একটি বড় খাসি দাবি করেন। দরিদ্র পরিবারের পক্ষে সেই দাবি পূরণ করা সম্ভব না হওয়ায় সুমির ওপর নির্যাতন বাড়তে থাকে।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালে সুমি রান্নাঘরে ভাত রান্না করছিলেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে শ্বশুর মেজবাহ উদ্দিন তাকে জ্বলন্ত চুলার দিকে ধাক্কা দেন। এতে আগুনে তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন সুমির মা আমেনা বেগম বলেন, “ওরা মানুষ না, ওরা কসাই। সামান্য একটা খাসির জন্য আমার মেয়েকে এভাবে পুড়িয়ে দিল। বিয়ের পর থেকেই ওর ওপর নির্যাতন করত। আমরা গরিব মানুষ, এত টাকা-পয়সা কোথায় পাব? আমি এই ঘটনার বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে সুমির স্বামী আবদুর রহিম বলেন, বিয়ের সময় স্বর্ণের চেইন দেওয়ার কথা ছিল, যা কনের পরিবার দেয়নি। এ নিয়ে কথা কাটাকাটির সময় তার বাবা ক্ষিপ্ত হয়ে সুমিকে ধাক্কা দিলে দুর্ঘটনাবশত চুলার সঙ্গে মুখ লেগে যায়। খাসি দাবি করার অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বিষয়টি শুনেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC