
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৃথকভাবে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন আনোয়ার হোসেন (৫৫) ও রাকিব হোসেন (২৪)। রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
অপরদিকে আনোয়ার রায়পুর উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা এবং পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে মজুচৌধুরীর হাটের দিকে একটি বাস যাচ্ছিল। এ সময় রাকিব মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসটিকে সাইড দিতে গিয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আরেকটি দুর্ঘটনায় আনোয়ার হোসেন নিহত হন। রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র–এর সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ারকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক জানান, রাকিবের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।








