
মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ মোট ১০ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ (২৩ নভেম্বর, ২০২৫) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর (শনিবার) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন রামগতি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি রামগতি থানাধীন মুন্সিরহাট বেঁড়িবাধ সংলগ্ন এলাকায় চালানো হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৭টি ট্রলিং জালসহ ১০ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত জেলে এবং জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট ও জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটককৃত আর্টিসানাল ট্রলিং বোটটি থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়।
তিনি জানান, দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখবে।







