
রাইজিং কুমিল্লা ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রত্যেককে এক বান করে মোট ১০ বান ঢেউটিন ও নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক আলী ব্যাপারী বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল, সহকারী সেক্রেটারি ও ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম, ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার ইদ্রিস মিয়া, ঢাকাস্থ রায়পুর ফোরামের সভাপতি মাওলানা ইদ্রিস মাদানী, পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. শাহীন আলম, ১ নম্বর জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল আলম, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মনির শাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।
জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রায়পুরের বাসাবাড়ি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে যায়। এতে কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত এক যুবকের দেওয়া আগুন থেকেই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC