
লক্ষীপুর জেলার ১১ বছর বয়সী শিক্ষার্থী ইয়াছিন আরাফাত এক অবিশ্বাস্য ও বিরল অর্জন করে দেশবাসীর নজর কেড়েছেন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদরাসার এই শিক্ষার্থী মাত্র নয় মাসেই সম্পূর্ণ পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে মাদরাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি মুফতী গোলাম সরোয়ার ফরিদী হাফেজ ইয়াছিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা জানান।
মাদরাসার মোহতামিম মুফতী আব্দুল্লাহ আল জামি এই অর্জনকে ‘সত্যিই এক বিরল অর্জন’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, নয় মাস আগে ইয়াছিন তাদের মাদরাসায় ভর্তি হন এবং শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করে সে মাত্র ৯ মাসেই কোরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি দোয়া করেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে।
ইয়াছিন আরাফাত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়াছিন বলেন, “আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।”
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুনসুর আহমেদ, মুফতী হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ অনেক আলেম ও স্থানীয় অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের পুরো পরিবেশে ছিল আনন্দ ও গর্বের ছোঁয়া। স্থানীয় অনেকে মন্তব্য করেছেন, অল্প বয়সেই ইয়াছিনের এমন অসাধারণ সাফল্য মাদরাসা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।







