
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র্যাব সদস্যরা মোঃ আলম মিয়া (৫৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আলম মিয়া (৫৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মতিনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত কালা মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









