
রাইজিং কুমিল্লা ডেস্ক
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৭ আগস্ট) রাতে দূতাবাসের জারি করা এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অসতর্কতার কারণে অনলাইনে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও থেকে আইনি জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও অন্যান্য সংবেদনশীল বিষয়ে তথ্য বা কনটেন্ট প্রকাশ ও শেয়ারের ক্ষেত্রে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
দূতাবাস জানায়, কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে এর সত্যতা ভালোভাবে যাচাই করা উচিত। আয়োজক দেশের আইনবিরোধী, উসকানিমূলক, হুমকিমূলক, বৈষম্যমূলক কিংবা সহিংসতা ও উগ্রবাদে উৎসাহ দেয়—এমন পোস্ট থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিদেশে থাকা বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও স্থানীয় সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মের দায়িত্বশীল ও সংযত ব্যবহার প্রবাসীদের আইনি ঝামেলা থেকে সুরক্ষার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC