
রাইজিং স্পোর্টস
ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারানো মানে শুধু একজন কিংবদন্তি ফুটবলারকে হারানো নয়, বরং পর্তুগালের ফুটবলের জন্য এটি বড় ধরনের বাণিজ্যিক চ্যালেঞ্জও। জাতীয় দল থেকে রোনালদোর বিদায়ের ফলে আন্তর্জাতিক বিপণন, জার্সি বিক্রি এবং বিদেশি দর্শকদের আগ্রহে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত দুই দশকের বেশি সময় ধরে পর্তুগিজ ফুটবলের অন্যতম প্রধান বিজ্ঞাপন হয়ে থাকা রোনালদোর অনুপস্থিতিতে নতুন করে নিজেদের আন্তর্জাতিক বাণিজ্যিক পরিচয় গড়ে তোলার চ্যালেঞ্জে পড়তে পারে দেশটির ফুটবল ফেডারেশন।
পর্তুগালের পোর্তোভিত্তিক ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক ও ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ ড্যানিয়েল সা এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তার মতে, রোনালদোর বিদায়ে পর্তুগাল শুধু একজন অসাধারণ ফুটবলারকেই হারাচ্ছে না, হারাচ্ছে দেশটির ফুটবলের সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক প্রচারকদের একজনকে।
ড্যানিয়েল সা বলেন, জাতীয় দলের আন্তর্জাতিক পরিচিতি ও বিপণনে রোনালদোর ব্যক্তিগত ব্র্যান্ডের অবদান অসাধারণ। স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো পর্তুগিজ ফুটবলারের পক্ষে সেই অবস্থান পূরণ করা কঠিন। দীর্ঘদিন ধরে রোনালদোই ছিলেন পর্তুগালের ফুটবলের বাণিজ্যিক পরিচয়ের অন্যতম প্রধান মুখ।
এর পেছনে রয়েছে বড় অঙ্কের পরিসংখ্যানও। ২০২৫ সালে ড্যানিয়েল সা-র প্রতিষ্ঠানের পরিচালিত এক সমীক্ষায় শুধু ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের বিপণন মূল্য নির্ধারণ করা হয় ৮৫০ মিলিয়ন ইউরো। ২০২০ সালের তুলনায় যা ৩২৫ শতাংশ বেশি। ক্রীড়া সুনাম সূচকে ১০০-এর মধ্যে ৮৮ নম্বর পেয়েছেন রোনালদো। আয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবের ক্ষেত্রেও তার অবস্থান ছিল শীর্ষে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা একশ কোটি ছাড়িয়ে গেছে। ফলে রোনালদো এখন কেবল একজন ফুটবলার নন, নিজেই একটি বৈশ্বিক প্রচারমাধ্যমে পরিণত হয়েছেন।
তবে জাতীয় দল থেকে রোনালদোর বিদায়ের কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের আয় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করেন না ড্যানিয়েল সা। তার ব্যাখ্যা, অধিকাংশ স্পনসরশিপ চুক্তি কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে কেন্দ্র করে করা হয় না। বরং জাতীয় দল ও ফুটবল ফেডারেশনের প্রাতিষ্ঠানিক স্বত্বের ভিত্তিতেই এসব চুক্তি সম্পন্ন হয়।
এ ছাড়া বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পর্তুগালের নিয়মিত অংশগ্রহণ এবং দলের অন্য তারকা ফুটবলারদের উপস্থিতি দেশটির বাণিজ্যিক আকর্ষণ ধরে রাখতে সহায়তা করবে।
তবে দুটি ক্ষেত্রে রোনালদোর অনুপস্থিতির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এগুলো হলো জার্সি বিক্রি এবং আন্তর্জাতিক বাজারে দর্শকদের আগ্রহ। বিশেষ করে রোনালদোর সাত নম্বর জার্সি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে জনপ্রিয় একটি পণ্যে পরিণত হয়েছে। তার বিদায়ের পর এই জার্সির বিক্রি ও চাহিদা ধরে রাখা কঠিন হতে পারে।
দেশের ভেতরে পর্তুগালের সমর্থকদের আগ্রহ খুব বেশি কমবে না বলে ধারণা করা হলেও বিদেশি দর্শকদের কাছে রোনালদোর উপস্থিতি জাতীয় দলের ম্যাচগুলোকে বাড়তি আকর্ষণীয় করে তুলত। ফলে আন্তর্জাতিক বাজারে পর্তুগালের ফুটবলের দর্শক ও বিপণন কার্যক্রমে নতুন কৌশল গ্রহণের প্রয়োজন হতে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ড্যানিয়েল সা। তার মতে, নতুন করে ‘পরবর্তী রোনালদো’ খোঁজার পরিবর্তে জাতীয় দলের সামগ্রিক ব্র্যান্ডকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে।
কারণ, রোনালদোর মতো ব্যক্তিগত ব্র্যান্ড একদিনে তৈরি হয়নি। দুই দশকের বেশি সময়ের সাফল্য, শিরোপা, ধারাবাহিক পারফরম্যান্স, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক পরিচিতির সমন্বয়ে গড়ে উঠেছে তার এই অবস্থান।
বিশেষজ্ঞদের মতে, এখন পর্তুগালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে পুরো জাতীয় দলকে একটি শক্তিশালী আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। অন্যদিকে জাতীয় দল থেকে বিদায়ের পরও রোনালদোকে প্রমাণ করতে হবে, মাঠের বাইরেও তার ব্যক্তিগত ব্র্যান্ডের বাণিজ্যিক শক্তি আগের মতোই অটুট রয়েছে।
সূত্র: গোল ডট কম
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC