
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত তালিকা অনুযায়ী, আগামী বছর কলেজগুলোতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময়জুড়েই কলেজ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে একই সময়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, রমজান মাসের শুরু থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছুটির এই ভিন্নতা নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
কুরসিয়া কাজল নামের এক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির এই বৈষম্য শিক্ষক সমাজে বিভেদ সৃষ্টি করবে।’
সুমাইয়া নামের একজন লিখেছেন, ‘সব শিক্ষকদের যদি আমরা একই দৃষ্টিতে দেখতে না পারি, তাহলে শিক্ষা ও প্রতিষ্ঠানের অগ্রগতি অসম্ভব। সবাইকে তার প্রাপ্য অনুযায়ী সমান সুযোগ-সুবিধা দেওয়া সরকারের কর্তব্য।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুমিনুল হক লিখেছেন, ‘রোজায় কলেজ ছুটি, স্কুল খোলা। কেন এই দ্বিচারিতা? স্কুলও বন্ধের দাবি জানাই।’
সরকারি ও বেসরকারি কলেজের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে—পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিত, গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে কলেজে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।
এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষে আরও ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে।
একইভাবে ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় এবারও ১২ দিন ছুটি কমানো হয়েছে।
এ ক্ষেত্রে শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









