
নিজস্ব প্রতিবেদক
প্রবাসী আয়ের প্রবাহে দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে কুমিল্লা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে মে এই ১১ মাসে কুমিল্লা জেলায় এসেছে ১৮৯ কোটি ২ লাখ ডলার প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয় সংক্রান্ত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১১ মাসে কুমিল্লায় প্রতি মাসেই উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে মার্চ মাসে, ২৪ কোটি ৩৪ লাখ ডলার। এছাড়া মে মাসে ২০ কোটি ৯৪ লাখ, জানুয়ারিতে ১৯ কোটি ৩২ লাখ এবং ডিসেম্বর মাসে ১৮ কোটি ১৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
জেলাভিত্তিক হিসাবে, চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাওয়া জেলা। এ সময়ে চট্টগ্রাম জেলায় এসেছে ৩০৪ কোটি ৪ লাখ ডলার এবং কুমিল্লায় এসেছে ১৮৯ কোটি ২ লাখ ডলার। একই বিভাগের নোয়াখালীতে ৯৮ কোটি ৫৪ লাখ, ফেনী জেলায় এসেছে ৯২ কোটি ১৪ লাখ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ কোটি ৫৪ লাখ ডলার।
দেশের সব জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। ১১ মাসে ঢাকা জেলায় এসেছে ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ডলার। এরপর চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার অবস্থান উল্লেখযোগ্য। সিলেট জেলায় একই সময়ে এসেছে ১৪৫ কোটি ৭৫ লাখ ডলার।
রেমিট্যান্সের এই প্রবাহ কুমিল্লার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলার বিপুলসংখ্যক প্রবাসী বিভিন্ন দেশে কর্মরত থাকায় তাদের পাঠানো অর্থ স্থানীয় বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পরিবারের জীবনমান উন্নয়নে অবদান রাখছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৭৫ কোটি ৬৮ লাখ ডলার। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ এবং চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC