
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আবদুস সালাম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ আবু তাহেরকে তার রুমমেটকে প্রহার ও শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কার করেছে হল প্রশাসন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্মারক নং-নোবিপ্রবি/এএসএইচ/২০২৫/২০৭ ভাষা শহীদ আব্দুস সালাম হলের হল প্রভোস্ট মোঃ ফরিদ দেওয়ান স্বাক্ষরিত অফিস আদেশে বহিষ্কারাদেশটি জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আবু তাহের (স্টুডেন্ট আইডি-ASH2233007M) গত ১৯ আগস্ট তার রুমমেটকে দ্বিতীয়বারের মতো প্রহার ও শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন।
তবে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন এবং অভিযোগের সত্যতা বিবেচনায় এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয় হল প্রশাসনের অফিস আদেশে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, অন্য শিক্ষার্থীকে শারীরিক বা মানসিক নির্যাতন করলে তার হলের আসন বাতিল হয় এবং ভবিষ্যতে আসন পাওয়ার যোগ্যতাও হারায়।
এ প্রেক্ষিতে আবু তাহেরকে ভাষা শহীদ আবদুস সালাম হল থেকে বহিষ্কার এবং আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি অপরাধ স্বীকার ও অনুশোচনা প্রকাশ করায় অভিযোগটি শৃঙ্খলা বোর্ডে প্রেরণ করা হয়নি বলে জানানো হয় ভাষা শহীদ আব্দুস সালাম হলের অফিস আদেশটিতে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC