
বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে নতুন করে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা। সোমবার (২৯ জুন) তার ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে ‘Engaged’ লেখা দেখা যাওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
স্ট্যাটাসটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভিড় করেন নেটিজেনরা। কেউ ধারণা করেন, গোপনে বাগদান সেরেছেন অভিনেত্রী। কেউ আবার হবু জীবনসঙ্গীর ছবি দেখতে চান, আবার কেউ মিষ্টি খাওয়ার আবদার জানান। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি নীহা।
পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় অভিনেত্রী বলেন, “আমি ‘Engagement’ লিখিনি। লিখেছি ‘Engaged’। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারও না কারও সঙ্গে এঙ্গেজড। সময় হলে সব জানতে পারবেন।”
নীহার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি নতুন একটি সম্পর্কে রয়েছেন বলে ইঙ্গিত দিলেও বাগদান সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানাননি।
এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় ফেসবুক ‘মাই ডে’-তে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে দুটি হলুদ মাখানো হাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকেই তার বিয়ে হয়ে গেছে বলে ধারণা করেন। পরে অবশ্য সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে নীহা জানান, সেটি একটি নাটকের অংশ ছিল।
এবারের ‘Engaged’ স্ট্যাটাস ঘিরেও রহস্য বজায় রেখেছেন অভিনেত্রী। ফলে তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC