
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’
এর আগে রোববার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা করতে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন জোটের শীর্ষ নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ অংশ নেন।
এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা।
বৈঠক শেষে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC