
রাইজিং কুমিল্লা ডেস্ক

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের ভেতরে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বুধবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ ভবনের ভেতরেই ভোটকেন্দ্র ও বুথ স্থাপন করা হবে। সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দিতে হবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। বিকেল ৫টার আগেই সব ভোট গ্রহণ শেষ হয়ে গেলে গণনা ও ফলাফল প্রস্তুতের কাজ শুরু করা যাবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহযোগিতা দেবে। ভোটগ্রহণের সময় সিইসিসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কোনো কমিশনার উপস্থিত হলে তিনিও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারাও সেখানে থাকবেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবেন বলেও জানান চিফ হুইপ।
রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারও এ নির্বাচনে ভোট দেবেন। ভোট দেওয়ার সময় গণমাধ্যমের উপস্থিতি থাকবে এবং ভোটগ্রহণ সরাসরি দেখানো হবে। ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুতের সময়ও গণমাধ্যমকে জানানো হবে।
চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোট রয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনও প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানান চিফ হুইপ। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নেওয়ার পর দলের প্রার্থীর নাম ঘোষণা করবেন।
অন্যদিকে ১১ দলীয় বিরোধী জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
চিফ হুইপ বলেন, প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে।
ভোটের গোপনীয়তা নিয়ে যা বললেন চিফ হুইপ
বর্তমান ভোটপদ্ধতি নিয়ে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর সামনে তার নাম লিখবেন। ভোট প্রকাশ্য বা গোপন—যেভাবেই দেওয়া হোক, ভোটদাতাকে নিজের নাম ও আসন নম্বর লিখতে হবে। ফলে কে কাকে ভোট দিয়েছেন, তা শনাক্ত করা সম্ভব।
তিনি বলেন, বর্তমানে ভোটে কোনো গোপনীয়তা নেই। ভবিষ্যতে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সেভাবেই ভোটের ব্যবস্থা করা হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন না। বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দলের সব সংসদ সদস্য একসঙ্গে সেই প্রার্থীর পক্ষে ভোট দেবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC