
রাইজিং কুমিল্লা ডেস্ক
রাজধানীর মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে আগুন এবং যাত্রাবাড়ীতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে পৃথক এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন।
জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগতে পারে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
একই সময়ের দিকে মিরপুর-১ নম্বর আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আগুন নেভান। তবে পুলিশ জানিয়েছে, সেখানে বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এরপর রাত ৮টার দিকে মধ্য বাড্ডার ইউলুপের কাছে রাস্তার পাশে পার্ক করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি আলিফ এন্টারপ্রাইজের। কে বা কারা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভান। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
এদিকে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হন। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পৃথক এসব ঘটনায় রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC