শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - NCP leader Rumi's hanging body found in the capital
রাজধানীতে এনসিপি নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে অবস্থিত একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকার দায়িত্বে ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন