
রাইজিং ডেস্ক
রমজান মাস জুড়ে সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৫ ফেব্রুয়ারি রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়।
রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়।
এর আগে রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম দশ দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা দিয়েছিল মন্ত্রণালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের প্রথম ১০ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে পর্যন্ত ক্লাস চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। জোহরের নামাজের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
অন্যদিকে রমজান মাসে মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করা হয়েছে। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলবে। রমজান উপলক্ষে ৭ মার্চ থেকে মাদ্রাসায় ছুটি শুরুর কথা থাকলেও তা এবার সংশোধন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি জারি করা দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে মঙ্গলবার (১২ মার্চ) বা বুধবার (১৩ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
এদিকে পবিত্র রমজান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
অন্যদিকে রমজান মাস উপলক্ষ্যে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC