
পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লায় শুরু হয়েছে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয়।আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।
উদ্বোধনের পর তিনি সুলভ মূল্যের বিক্রয় স্টল পরিদর্শন করেন এবং পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, ভ্রাম্যমাণভাবে শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি, সাধারণ মানুষের সুবিধার্থে বিক্রয় সূচি স্থানীয় পত্রিকার মাধ্যমে প্রকাশ করারও আহ্বান জানান তিনি। এতে করে শহরের খেটে খাওয়া মানুষ সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সামছুল আলম জানান, রমজান মাসে এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য বড় সহায়ক হবে এবং বাজার নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এই কার্যক্রম আগামী ২৫ রমজান পর্যন্ত চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান, কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।







