মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

রমজান ও ঈদ ঘিরে কুমিল্লায় নিরাপত্তা জোরদারে পুলিশ–ব্যবসায়ীদের মতবিনিময় সভা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Police-businessmen hold meeting to strengthen security in Comilla ahead of Ramadan and Eid
রমজান ও ঈদ ঘিরে কুমিল্লায় নিরাপত্তা জোরদারে পুলিশ–ব্যবসায়ীদের মতবিনিময় সভা/ছবি: কুমিল্লা জেলা পুলিশের সৌজন্যে

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কুমিল্লা জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

সভায় পুলিশ সুপার দোকান মালিক কমিটির সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ এবং ভেজাল পণ্য বিক্রি বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করতে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমন এবং যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাও আরও জোরদার করা হবে।

এছাড়া ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কসমূহে চেকপোস্ট স্থাপন, টহল কার্যক্রম বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত দোকান মালিক কমিটির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন