
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সরকারি ও বেসরকারি কলেজ ও মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। দীর্ঘ ৩৯ দিনের এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।
মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে বিরতি আরও দীর্ঘ হচ্ছে। ফলে শিক্ষার্থীরা আগামী ২৯ মার্চ, রবিবার থেকে শ্রেণিকক্ষে ফিরবেন।
রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে রয়েছে—দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজা
বছরের শেষ দিকে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন শীতকালীন অবকাশ পালন করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও মৌসুমি অবকাশ সমন্বয় করে বছরের শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










