
রাইজিং কুমিল্লা ডেস্ক

শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে শিক্ষার্থীদের জন্য চালু করা এআই সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এখন থেকে স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়ে চালু না করা পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে গুগলের নির্দিষ্ট এআই টুলগুলো বন্ধ থাকবে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গুগলের ব্যাপক আধিপত্য রয়েছে। বিভিন্ন স্কুলের শ্রেণিকক্ষে জিমেইল, ডকস ও গুগল ক্লাসরুমের মতো শিক্ষাবিষয়ক অ্যাপ ব্যবহার করা হয়। পাশাপাশি কম দামের ক্রোমবুক ল্যাপটপও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে বিতরণ করা হয়।
বাসসের প্রতিবেদনে বলা হয়, গত ৩ নভেম্বর গুগলের প্রকাশিত এক ব্লগ পোস্টে জানানো হয়, কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত (কে-১২) শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জেমিনি, জেমিনি নোটবুক, ক্লাসরুমে জেমিনি ও গুগল সার্চের এআই সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে নিজ উদ্যোগে এসব সুবিধা চালু করতে পারবে।
গুগল জানিয়েছে, নতুন এই নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে কার্যকর করা হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও চালু করা হবে। তবে বিশ্বব্যাপী কার্যকরের নির্দিষ্ট কোনো সময়সূচি এখনো জানানো হয়নি।
এদিকে, নতুন এই সিদ্ধান্তের ফলে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য এআই সুবিধা ছাড়া গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে পারবে না। গুগলের শিক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস ‘দ্য নিউইয়র্ক টাইমস’কে জানিয়েছেন, সার্চ ও এআই এখন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ, গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যেই বর্তমানে বিভিন্ন এআই ফিচার যুক্ত রয়েছে।
তিনি জানান, কোনো স্কুল যদি এআই ব্যবহার নিষিদ্ধ করে, তাহলে শিক্ষার্থীরা গুগল সার্চ ব্যবহারের সুযোগও পাবে না। এ ক্ষেত্রে সার্চ সেবা পাওয়া যাচ্ছে না বলে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে একটি বার্তা দেখানো হবে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের দুই সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ও জোশ হওলি গুগলের কাছে পাঠানো এক চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে ১৫ কোটিরও বেশি শিক্ষার্থী গুগল ক্লাসরুম ব্যবহার করে। স্কুলের ডিভাইসগুলোতে এআই ফিচার কেন স্বয়ংক্রিয়ভাবে চালু রাখা হয়েছিল, সে বিষয়ে তারা প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, গত আগস্টে গুগল সব বয়সী শিক্ষার্থীদের জন্য গুগল ক্লাসরুমে জেমিনি চ্যাটবট ব্যবহারের সুবিধা উন্মুক্ত করেছিল। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের ওপর এর প্রভাব নিয়ে বিতর্কের পর এবার ফিচারগুলো ডিফল্টভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC