
রাইজিং কুমিল্লা ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের সুবিধার্থে শৌচাগারের পাশে বিশেষ অজুর স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্পটি।
বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে। নিচু উচ্চতার বিশেষ বেসিন স্থাপন করে সেখানে পা ধোয়ার ব্যবস্থা থাকবে।
প্রকল্পের নথিতে বলা হয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যাওয়ার পাশাপাশি বেসিনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এসব সমস্যা এড়াতেই বিশেষভাবে অজুর স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর ব্যবস্থা একেবারে নতুন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল ২০১৯ সালে চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরেও মুসলিম যাত্রীদের জন্য এ ধরনের অজুর ব্যবস্থা রয়েছে। নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের আরও বেশি মুসলিম যাত্রী অজু করার সুবিধা পাবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC