বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

যুক্তরাজ্যের সঙ্গে ৪ হাজার ১৬০ কোটি ডলারের চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

Rising Cumilla - US suspends $41.6 billion deal with UK
যুক্তরাজ্যের সঙ্গে ৪ হাজার ১৬০ কোটি ডলারের চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র/ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সঙ্গে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য ছাড় সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে মতৈক্য না হওয়ায় ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক এই প্রযুক্তি চুক্তিটি ‘টেক প্রসপারিটি ডিল’ নামে পরিচিত। তবে যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য বাধা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণে চুক্তিটি বর্তমানে স্থগিত রয়েছে।

গত সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। চুক্তিটির লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক পারমাণবিক ফিউশন এবং কোয়ান্টাম প্রযুক্তিসহ কৌশলগত বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যৌথ সুযোগগুলোতে সহযোগিতা জোরদার করা।

সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ৩১ বিলিয়ন পাউন্ড বা প্রায় ৪১ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘একটি প্রজন্মগত পরিবর্তনের পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছিলেন।

অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতির অভাব নিয়ে ওয়াশিংটনে ক্রমবর্ধমান হতাশার মধ্যেই চুক্তিটি স্থগিতের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা সোমবার নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র গত সপ্তাহেই চুক্তিটি স্থগিত করেছে। চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাজ্য তাদের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে এই ছাড়কে যথেষ্ট মনে করেনি ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা চেয়েছিলেন, শুল্কমুক্ত সুবিধার পরিধি আরও বিস্তৃত করা হোক।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্রিটিশ কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন কেবল প্রযুক্তিগত অংশীদারিত্ব নয়, বরং বাণিজ্যের অন্যান্য খাতেও যুক্তরাজ্যের কাছ থেকে আরও ছাড় আদায়ে চাপ দিচ্ছে। পাশাপাশি খাদ্য ও শিল্পপণ্য নিয়ন্ত্রণকারী বিধিনিষেধসহ তথাকথিত অ-শুল্ক বাধা দূর করতে ব্রিটেনের অনীহায় মার্কিন কর্মকর্তারা ক্রমেই হতাশ হয়ে উঠছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, যারা প্রথম এই তথ্য প্রকাশ করে, জানিয়েছে— উভয় দেশের মধ্যে মতবিরোধের পরিধি আরও বিস্তৃত। এর মধ্যে ডিজিটাল নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই এসব ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়েছে। তবে দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত গত সপ্তাহে চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন