
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। জেলিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনের নেতৃত্বে পরিচালিত এক সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।
ঘটনার সূত্রপাত ঘটে একটি গণপরিবহন কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে। তিনি জানান, বাসে যাত্রীদের কাছ থেকে বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। অভিযোগ পাওয়ার পরই নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়ায় এবং তদন্ত শুরু করে।
পরবর্তীতে বাসের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির অর্থ বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের জব্দকৃত অর্থসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে জরুরি নম্বর ১১২-এ জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আরব টাইমস
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC