
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু জামায়াতে ইসলামীকে ‘মুনাফেকের দল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই এ দলকে বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, অন্তত আমি যতদিন বেঁচে আছি, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভা এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, জামায়াতে ইসলামী সব সময় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত থাকে। তার দাবি, দলটি কখনো দেশের উন্নয়ন করতে পারবে না। বরং সুযোগ পেলে তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে।
তিনি আরও অভিযোগ করে বলেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশকে সিরিয়া কিংবা লেবাননের মতো পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
মিন্টু বলেন, জামায়াত জনগণের উন্নয়ন চায় না; বরং তারা সংঘাত, অরাজকতা এবং বিভাজনের রাজনীতি করে। তাই এ দল থেকে যেন কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় ফেনী-৩ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।








