
নিজস্ব প্রতিবেদক
মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ছয়টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনায় মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ, জব্দ করা মালামাল সংরক্ষণ, আপিল আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনায় নির্দিষ্ট আইনজীবী নিয়োগ এবং প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের কথা বলা হয়েছে।
এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয়সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী (পেশকার) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাদের এক মাসের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। এর একটি কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট মিডিয়া সেলের কাছেও।
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিও আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে।
জব্দ করা মালামাল সংরক্ষণের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে একটি নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করতে বলা হয়েছে। এসব মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে।
জব্দ করা মালামালের বিস্তারিত তথ্য সংরক্ষণে নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনার প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন।
অন্যদিকে, পচনশীল বা দ্রুত বিনষ্টযোগ্য মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।
মোবাইল কোর্ট থেকে উদ্ভূত আপিল মামলায় সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন।
আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় নথি, কাগজপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন। এ কার্যক্রম সমন্বয় করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
পরিপত্রে আরও বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক ব্যক্তিকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে লিখিতভাবে অতিরিক্ত দায়িত্ব দেবেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে এসব কর্মচারীর প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যেক জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC