মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোবাইল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা এনবিআরের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Mobile phone
মোবাইল ফোন/প্রতীকি ছবি/সংগৃহীত

নতুন বছর শুরুর আগেই মোবাইল ফোন ক্রেতাদের জন্য সুখবর দিলো সরকার। বৈধ পথে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। শুল্ক কমানো হলে দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমবে এবং সাধারণ ক্রেতারা কম দামে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সেমিনারে বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা সহজীকরণের লক্ষ্যে আমদানি করের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ আমদানি বন্ধ করতে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকায় রাজস্ব আয় বাড়ানো না গেলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে। তবে বর্তমান আর্থিক খাতের দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি তুলনামূলকভাবে ভালো রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের অবস্থা আরও সংকটাপন্ন হবে। তিনি জানান, গত তিন বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখ বেড়েছে।

এছাড়া গত এক বছরে ম্যানুফ্যাকচারিং খাতে নারীদের অংশগ্রহণ প্রায় অর্ধেকে নেমে এসেছে বলেও সেমিনারে জানানো হয়। বক্তারা বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যদি তারা এলডিসি গ্রাজুয়েশন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার কথা চিন্তা করে, তবে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি সময় তাদের হাতে থাকবে না।

র‌্যাপিড আরও জানায়, বর্তমানে রাজস্ব আদায়ের যে গতি রয়েছে তা বাড়ানো না গেলে নতুন সরকার এসে চলতি অর্থবছরে নতুন কোনো উন্নয়ন কার্যক্রম সহজে বাস্তবায়ন করতে পারবে না। রাজস্ব আদায়ের গতি বাড়ানো না গেলে বহু উন্নয়ন প্রকল্প পিছিয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।

আরও পড়ুন