
রাইজিং স্পোর্টস
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জাতীয় দলের জার্সিতে কিংবদন্তি এই তারকাকে শেষবার দেখার অপেক্ষায় সমর্থকেরা।
মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ নিয়ে আবেগঘন কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসির মতো একজন কিংবদন্তির বিদায় হওয়া উচিত নিজের সমর্থকদের সামনে, তাদের ভালোবাসা অনুভব করার মধ্য দিয়ে।
স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তাই মেসির বিদায়ী ম্যাচে তিনি উপস্থিত থাকতে চান। মেসির বিদায়ের মুহূর্তে পাশে থাকাটাকে নিজের দায়িত্বের অংশ হিসেবেই দেখছেন আর্জেন্টাইন কোচ।
স্কালোনির মতে, মেসি কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের সমর্থকদের সামনে এসে বিদায় জানাতে আগ্রহী। প্রিয় মানুষ ও সমর্থকদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় হয়তো আর নাও আসতে পারে।
আর্জেন্টিনা কোচ বলেন, মেসি যাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছেন, সেই সমর্থকদের সামনে দাঁড়িয়ে বিদায় জানানোর ইচ্ছা ও চেষ্টা করাটাই বড় বিষয়। তার জন্য কোনো সম্মাননা বা বিদায়ী আয়োজন করতে হলে সেটি এখনই করা উচিত। সময় পেরিয়ে গেলে মুহূর্তটির আবেগ ও আবহ হয়তো আর একই রকম থাকবে না।
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পথে মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে তার গোলসংখ্যা ১২৫। নিজের শেষ বিশ্বকাপেও আটবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন এই তারকা।
মেসির সঙ্গে স্কালোনির সম্পর্কও দীর্ঘদিনের। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে মেসিকে কাছ থেকে পাওয়া নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে মনে করেন তিনি। মেসিকে কোচিং করানোর সুযোগকে স্বপ্ন পূরণের মতো বলে উল্লেখ করেছেন স্কালোনি।
স্কালোনির ভাষায়, মেসির মতো একজন খেলোয়াড় জীবনে খুব কমই আসে। মাঠে তার অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ব্যক্তিত্ব ও আচরণও তাকে আলাদা করে তুলেছে। মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা তিনি সারাজীবন মনে রাখবেন বলেও জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC