
রাইজিং কুমিল্লা ডেস্ক
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৩৫) নামে এক সৌদি প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র মেয়ের জন্মদিন। এ উপলক্ষে মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জে যান তিনি। সেখান থেকে কেক কিনে বাড়ি ফেরার পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় তাঁর মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে আল আমিন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় নামে অপর এক যুবক গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ছুটি শেষে আগামী রোববার (১১ অক্টোবর) আল আমিনের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তবে মেয়ের জন্মদিনের কেক কিনে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ মরদেহটি শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC