
রাইজিং ফ্যাক্টচেক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হচ্ছে। ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘মির্জা আব্বাসের 'ঢাকা ব্যাংকে' ওসমান হাদির খু'নির ১২৭ কোটি টাকার লেনদেন’। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে দেখা যায়, এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং প্রকৃত তথ্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
এমন কিছু পোস্ট দেখুন এখানে।
ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যম এবং নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টালগুলো পর্যালোচনা করা হয়। শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড সংক্রান্ত সিআইডির তদন্ত প্রতিবেদন এবং সংবাদ বিশ্লেষণ করা হয়।
অনুসন্ধানে দেখা গেছে, প্রকৃত তথ্য হলো শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এই তথ্যে মির্জা আব্বাস বা ঢাকা ব্যাংকের কোনো উল্লেখ নেই।
ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, মূল সংবাদের তথ্য পরিবর্তন করে মির্জা আব্বাস এবং ঢাকা ব্যাংকের নাম যুক্ত করা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত বিভ্রান্তিকর প্রচারণা, যেখানে প্রকৃত ঘটনার সাথে অপ্রাসঙ্গিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জুড়ে দেওয়া হয়েছে।
নির্ভরযোগ্য বিভিন্ন সংবাদ উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে যে, সিআইডির তদন্তে যে ১২৭ কোটি টাকার লেনদেনের কথা উঠে এসেছে, তা মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীদের সাথে সম্পর্কিত। এই তথ্যে মির্জা আব্বাস কিংবা ঢাকা ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই।
তথ্যসূত্র: ১. হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধ, ২. ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
উল্লেখযোগ্যভাবে, সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জড়ানোর প্রবণতা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে।
সুতরাং, প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং প্রকৃত তথ্য বিকৃত করে তৈরি করা হয়েছে। তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত ফটোকার্ডটিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC