
নিজস্ব প্রতিবেদক

জন্মের প্রায় তিন বছর বয়সে দত্তক হিসেবে বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন হ্যারল্ড ডেভিড রাজীব। এরপর কেটে গেছে ৪৬ বছরেরও বেশি সময়। শৈশবের স্মৃতি নেই, মনে নেই জন্মদাতা মা–বাবার মুখও। শুধু পুরোনো কাগজপত্রে থাকা জন্মস্থানের ঠিকানা আর শৈশবের একটি ছবি সম্বল করে দীর্ঘদিন ধরে নিজের শিকড়ের সন্ধান করছেন তিনি। সেই সন্ধানের টানে এবারও বাংলাদেশে এসেছেন এই ডাচ নাগরিক। জন্মদাতা মা–বাবার সন্ধান পেতে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিতরণ করছেন লিফলেট।
রাজীবের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রে জন্মস্থান হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে। সেই সূত্র ধরে নবীনগর, কুমিল্লা ও আশপাশের এলাকায় পরিবারের সদস্যদের খুঁজছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা নগরের ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন রাজীব। লিফলেটে তার শৈশব ও বর্তমান সময়ের ছবি যুক্ত করা হয়েছে। পাশাপাশি জন্মদাতা মা–বাবার সন্ধান পেলে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও দেওয়া হয়েছে।
রাজীব জানান, ১৯৭৭ সালে তার জন্ম। ১৯৮০ সালে প্রায় তিন বছর বয়সে তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসের একটি পরিবারের কাছে দেওয়া হয়। সেখানে সুন্দর পরিবেশে বেড়ে উঠলেও নিজের জন্মদাতা মা–বাবা ও পরিবারের পরিচয় না জানার কষ্ট কখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।
নিজের অনুভূতি জানাতে গিয়ে রাজীব বলেন, ‘সেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।’
তিনি জানান, ২০১৫ সাল থেকে জন্মদাতা মা–বাবার সন্ধানে বাংলাদেশে আসছেন। এ পর্যন্ত ছয়বার কুমিল্লা ও আশপাশের এলাকায় খোঁজ করেছেন। সর্বশেষ গত মঙ্গলবার বাংলাদেশে পৌঁছান তিনি।
তবে জন্মস্থানের ঠিকানা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন রাজীব। তার কাগজপত্রে নবীনগরের পেয়ারাকান্দির নাম থাকলেও দত্তক নেওয়ার সময় ভুয়া নাম কিংবা ঠিকানা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। কারণ, ১৯৮০ সালের দিকে পেয়ারাকান্দি তৎকালীন কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল।
পরিবারের সন্ধানে এর আগে সম্ভাব্য একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজীব। ওই ব্যক্তিরও বিদেশে থাকার সময় সন্তান হারানোর ঘটনা ছিল। বিষয়টি যাচাই করতে দুজনের মধ্যে ডিএনএ পরীক্ষাও করা হয়। তবে পরীক্ষায় বাবা-সন্তানের সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে দুজনই হতাশ হন।
তবে ব্যর্থতায় থেমে যাননি রাজীব। তিনি বলেন, ‘আমি খুব হতাশ হয়েছিলাম। এরপরও আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যত দিন না মা–বাবাকে খুঁজে পাচ্ছি, তত দিন চেষ্টা চালিয়ে যাব।’
বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি। লুঙ্গি তার পছন্দের পোশাক। নেদারল্যান্ডসে নিজের বাড়িতেও নিয়মিত লুঙ্গি পরেন। তার মতে, এতে বাংলাদেশের সংস্কৃতি ও নিজের শিকড়ের সঙ্গে একধরনের সংযোগ অনুভব করেন।
রাজীবের সঙ্গে বাংলাদেশে এসেছেন সেলিনা গোমেজ নামে আরেক ডাচ নাগরিক। তার জীবনকাহিনিও প্রায় একই রকম। শৈশবে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে চলে যান তিনিও। সেলিনার কাগজপত্রে জন্মস্থান হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটের নাম উল্লেখ রয়েছে। জন্মদাতা মা–বাবার সন্ধানেই এবার বাংলাদেশে এসেছেন তিনি।
নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়ে সেলিনা বলেন, ‘আমি আমার মা–বাবাকে খুব মিস করি। আমি চাই, তারা জানুন, তাদের মেয়ে কেমন আছে, কীভাবে বড় হয়েছে। আমি চাই, আমরা আবার একসঙ্গে হতে পারি।’
এদিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের পরিবারের সন্ধানে সহযোগিতা চান।
রাজীবের কাগজপত্রে নবীনগরের পেয়ারাকান্দির নাম থাকার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। রাজীবের পরিবারের সন্ধান পেতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, রাজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে পেয়ারাকান্দি এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে। এখনো তার জন্মদাতা পরিবারের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই ডাচ নাগরিকের সঙ্গে এক ব্যক্তির চেহারার মিল খুঁজে পেয়েছেন।
দীর্ঘ চার দশকের বেশি সময় পরও জন্মদাতা মা–বাবাকে খুঁজে পাওয়ার আশা ছাড়েননি রাজীব। তার বিশ্বাস, হয়তো কোনো একদিন পরিচয় মিলবে হারিয়ে যাওয়া পরিবারের সঙ্গে। সেই আশাতেই বারবার বাংলাদেশে ফিরে আসছেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC