
ঢাকায় অনুষ্ঠিত মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতায় কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীসহ চার প্রতিযোগী।
গত ২৪ থেকে ২৬ জুলাই ঢাকার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কুমিল্লা হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বাধন বিশ্বাস কমব্যাট জুজুৎসু জুনিয়র বিভাগের ৪৫ কেজির নিচের ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেন। একই বিভাগে জুনিয়র ৬০ কেজির নিচের ওজন শ্রেণিতে স্বর্ণপদক পান অভিজিৎ পোদ্দার।
এ ছাড়া জুনিয়র ৬৫ কেজির নিচের ওজন শ্রেণিতে দীপ্ত দাস রৌপ্য পদক এবং বালিকা বিভাগের ৭০ কেজির নিচের ওজন শ্রেণিতে জান্নাতুল ফেরদৌস (লাক্কি) ব্রোঞ্জ পদক অর্জন করেন।
চার প্রতিযোগীর এই সাফল্যে কুমিল্লার প্রতিনিধিদল মোট দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।
প্রতিযোগিতায় কুমিল্লা দলের দলনেতা হিসেবে দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী দায়িত্ব পালন করেন।
কুমিল্লার তরুণ খেলোয়াড়দের এ অর্জনে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে কুমিল্লার শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করতে পারবেন।










