
রাইজিং স্পোর্টস
মুম্বাইয়ে ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পরিবারে এখন উৎসবের আমেজ। শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার আগামী ৫ মার্চ বিয়ে করতে যাচ্ছেন তার বাগদত্তা সানিয়া চন্দোককে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অর্জুন ও সানিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ থেকে। বিয়ের বেশির ভাগ আয়োজন অনুষ্ঠিত হবে মুম্বাইয়েই। টেন্ডুলকার পরিবারের দীর্ঘদিনের রীতি অনুযায়ী, এই বিয়ে হবে একান্ত পারিবারিক ও মার্জিত আয়োজনে। সে কারণে অতিথি তালিকাও রাখা হচ্ছে সীমিত।
পরিবারঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়,
‘৩ মার্চ থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। বেশির ভাগ অনুষ্ঠান মুম্বাইতেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত টেন্ডুলকার পরিবার বা সানিয়া চন্দোকের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো—অর্জুন ও সানিয়ার বাগদানও হয়েছিল নীরবে। গত বছরের আগস্টে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হলেও দীর্ঘ সময় বিষয়টি প্রকাশ্যে আসেনি।
কয়েক মাস আগে এক রেডিট এএমএ সেশনে নিজেই ছেলের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন শচিন টেন্ডুলকার। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন,
‘হ্যাঁ, অর্জুনের বাগদান হয়েছে। আমরা সবাই তার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খুবই আনন্দিত।’
বাগদানের পর অর্জুন টেন্ডুলকারকে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা যায়। অন্যদিকে, সানিয়া চন্দোককে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে শচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গেও দেখা গেছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অর্জুন ও সানিয়া ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। টেন্ডুলকার ও ঘাই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই পারিবারিক বন্ধন থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা কখনোই প্রচারের আলোয় আনা হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC