
ইরান, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশে মার্কিন হামলা এবং বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কুমিল্লা জেলা শাখা।
সমাবেশে বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিশ্বজুড়ে শান্তি ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সংহতি বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা দীপ্ত দেবনাথ। বক্তব্যে তিনি বলেন, কমরেড লেলিন বলেছিলেন— সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সেই কথারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।
তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ইরানে হামলা চালিয়েছে, ইসরায়েলকে সরাসরি মদদ দিয়ে ফিলিস্তিনে গণহত্যা চালাতে সহায়তা করছে। একইভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি কমরেড মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
দীপ্ত দেবনাথ আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ কেবল মধ্যপ্রাচ্য বা লাতিন আমেরিকাতেই সীমাবদ্ধ নেই; তাদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকেও পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের দিকে তারা নজর দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এভাবে মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করছে। এমনকি বাংলাদেশ সরকারকে শুভেচ্ছা বার্তা পাঠানোর ঘটনাকেও তিনি হুমকির দৃষ্টিতে দেখেন বলে মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, “আমেরিকা যাদের বন্ধু, তাদের কোনো শত্রুর প্রয়োজন পড়ে না।”
তিনি আরও বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একমাত্র কার্যকর সমাধান হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রই শোষণ ও বঞ্চনার অবসান ঘটাতে পারে এবং সমাজতন্ত্রই মানুষের প্রকৃত মুক্তির পথ।
সমাবেশ থেকে তিনি খেটে খাওয়া সকল মানুষকে সমাজতন্ত্রের লাল পতাকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।










