
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির হোসেন ও তামিমা সুলতানা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বিচারিক কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তদের খালাস দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সাবেক স্বামী মো. রাকিব হাসান ঢাকার আদালতে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, রাকিবকে আইনগতভাবে তালাক সম্পন্ন না করেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন।
পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ মো. মিজানুর রহমান তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে নাসির হোসেন, তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়।
এরপর ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানাকে খালাস দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC