বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ময়নাল এবার নিজেই হত্যা মামলার আসামি

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Chandina Police Station
চান্দিনা থানা/ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় নিজের মেয়ের মৃত্যুকে পুঁজি করে চাঁদাবাজি করতে গিয়ে এবার নাতনি হত্যার দায়ে গ্রেফতার হয়েছেন ময়নাল হোসেন নামের এক ব্যক্তি। গত বছরের ৭ ডিসেম্বর গৃহবধূ সাবিনা আক্তারের রহস্যজনক মৃত্যুর পর থেকেই তার পিতা ময়নাল হোসেন স্থানীয়দের নামে হত্যা মামলার ভয় দেখিয়ে বেপরোয়া অর্থ আদায় করে আসছিলেন বলে অভিযোগ ওঠে।

গত ২১ মার্চ শনিবার ঈদের দিন উপজেলার হোসেনপুর গ্রামে এই চাঁদাবাজির ধারাবাহিকতায় এক নতুন ট্র্যাজেডি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাল হোসেন তার সহযোগীদের নিয়ে নিহত সাবিনার দেবর হাসানের বাড়িতে চড়াও হন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হাসানকে মারধর শুরু করা হয়। এ সময় হাসানের মা ও তার প্রতিবন্ধী ভাগনি মরিয়ম বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই ২১ বছর বয়সী প্রতিবন্ধী মরিয়মের মৃত্যু ঘটে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় মরিয়মের পরিবার থানায় মামলা করলে পুলিশ প্রধান আসামি ময়নাল হোসেনকে গ্রেফতার করে।

চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, সাবিনা হত্যার পর থেকেই ময়নাল হোসেন বিভিন্ন মানুষকে ফাঁসানোর ভয় দেখিয়ে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এমনকি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। ঈদের দিন একই কায়দায় অর্থ আদায় করতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটায় ময়নালকে আটক করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন