
নিজস্ব প্রতিবেদক
প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ পর্যাপ্ত ঘুম শরীর ও মস্তিষ্ক সুস্থ রাখার পাশাপাশি স্মৃতিশক্তি, হৃদ্যন্ত্রের কার্যক্রম এবং রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে বিষণ্নতা, ডায়াবেটিস, হৃদরোগ ও স্মৃতিশক্তির সমস্যাসহ নানা জটিলতার ঝুঁকি বাড়তে পারে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। কিছু মানুষ আছেন, যারা প্রতিদিন মাত্র চার থেকে ছয় ঘণ্টা ঘুমিয়েও দিব্যি সতেজ ও কর্মক্ষম থাকেন। বিজ্ঞানীরা তাদের নাম দিয়েছেন ‘ন্যাচারাল শর্ট স্লিপার’।
গবেষকদের মতে, এসব মানুষের কম ঘুমানোর পেছনে রয়েছে বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্য। তাদের শরীর ও মস্তিষ্ক অল্প সময়ের ঘুমের মধ্যেই প্রয়োজনীয় বিশ্রাম ও পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করতে পারে। ফলে অন্যদের মতো দীর্ঘ সময় ঘুমানোর প্রয়োজন হয় না।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিবিএস নিউজআওয়ারে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মারলা ব্রডফুটের লেখা ওই প্রতিবেদনে স্বাভাবিকভাবে কম ঘুমানোর পেছনের জিনগত কারণ ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষকদের পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর স্নায়ুরোগ বিশেষজ্ঞ লুইস পটাশেক এবং জিনবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী ইং-হুই ফু দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা করছেন। তাদের গবেষণায় দেখা গেছে, কিছু মানুষের বংশগত বৈশিষ্ট্যের কারণে স্বাভাবিকভাবেই ঘুমের প্রয়োজন কম হয়।
গবেষণার একপর্যায়ে বিজ্ঞানীরা এমন একটি পরিবারের সন্ধান পান, যাদের সদস্যরা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন। কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার প্রয়োজন হতো না তাদের। মাত্র ছয় ঘণ্টা ঘুমিয়েই তারা সতেজ ও কর্মক্ষম থাকতেন। পরিবারের সদস্যদের মধ্যে গবেষকেরা ডিইসি২ নামের একটি জিনের বিশেষ পরিবর্তন শনাক্ত করেন।
এরপর ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে জিনটির প্রভাব পর্যবেক্ষণ করেন তারা। পরীক্ষায় দেখা যায়, ডিইসি২ জিনে পরিবর্তন থাকা ইঁদুর অন্য ইঁদুরের তুলনায় কম ঘুমিয়েও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে।
পরবর্তী গবেষণায় এডিআরবি১, এনপিএসআর১ ও জিআরএম১-সহ আরও কয়েকটি জিনের পরিবর্তনের সঙ্গে স্বল্প সময়ের ঘুমের সম্পর্ক খুঁজে পান বিজ্ঞানীরা। এসব জিন মস্তিষ্কের ঘুম ও জেগে থাকার প্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
কম ঘুমিয়েও যেসব বৈশিষ্ট্য দেখা যায়
গবেষণায় স্বাভাবিকভাবে কম ঘুমানো ব্যক্তিদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা উঠে এসেছে। তারা সাধারণত বেশি কর্মচঞ্চল, উচ্চাকাঙ্ক্ষী ও আশাবাদী হতে পারেন। পাশাপাশি মানসিক চাপ মোকাবিলা এবং ব্যথা সহ্য করার সক্ষমতাও তাদের মধ্যে তুলনামূলক বেশি থাকতে পারে।
কিছু গবেষণায় এসব ব্যক্তির দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত গবেষণা হয়নি।
বিজ্ঞানীদের ধারণা, এসব মানুষের মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই ঘুমের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। এ কারণে তুলনামূলক কম ঘুমিয়েও তারা সতেজ থাকতে সক্ষম হন।
কম ঘুমালেই কি শরীরের ক্ষতি হয় না?
এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন গবেষকেরা। তাদের মতে, কেউ কম ঘুমানোর অভ্যাস গড়ে তুললেই তিনি স্বাভাবিকভাবে কম ঘুমের প্রয়োজন অনুভব করেন, এমনটি নয়।
অনেকেই মনে করেন, অল্প ঘুমের সঙ্গে তাদের শরীর মানিয়ে নিয়েছে। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে মস্তিষ্ক ও শরীরে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, বিপাকীয় কার্যক্রমে ব্যাঘাত, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া এবং হৃদ্যন্ত্রের নানা সমস্যা দেখা দিতে পারে। তাই জিনগত কারণে স্বাভাবিকভাবে কম ঘুমানো ব্যক্তি এবং ঘুমের অভাবে ভোগা ব্যক্তিদের মধ্যে পার্থক্য বোঝা জরুরি।
ঘুম নিয়ে গবেষণায় নতুন সম্ভাবনা
গবেষকদের আশা, স্বল্প ঘুমের সঙ্গে সম্পর্কিত জিনগুলো কীভাবে কাজ করে, তা আরও ভালোভাবে জানা গেলে ঘুমের প্রকৃতি সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে আলঝেইমারসহ বিভিন্ন স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের পথও তৈরি হতে পারে।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ঘুম ও জৈবিক ঘড়িবিষয়ক গবেষণাকেন্দ্রের পরিচালক ফিলিস জি মনে করেন, স্বাভাবিকভাবে কম ঘুমানো ব্যক্তিদের মস্তিষ্কে গভীর ঘুমের প্রক্রিয়া তুলনামূলক কার্যকর হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, সবার ঘুমের চাহিদা এক নয়। বয়স, শারীরিক অবস্থা ও জিনগত বৈশিষ্ট্যের ওপর ঘুমের প্রয়োজনীয় সময় নির্ভর করতে পারে। তাই অন্যের ঘুমের সময়ের সঙ্গে নিজের ঘুমের তুলনা না করে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC