
নাটোর: শিশুদের মনে বিরূপ প্রভাব ফেলে এমন নেতিবাচক ভাবার্থ থাকায় ও শ্রুতিকটু হওয়ায় নাটোরের ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাধীনতার পরে এবারই প্রথম নাটোরে এত বিপুল সংখ্যক বিদ্যালয়ের একসঙ্গে নাম পরিবর্তন করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সারাদেশের মোট ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন নাম রাখা নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু লোক নতুন নাম নিয়ে খুশি, অন্যরা মনে করেন স্থানীয়দের মতামত না নিয়েই নাম পরিবর্তন করা হয়েছে।
এদিকে গণহারে নাম পরিবর্তনের অভিযোগকারীরা বলছেন, ‘স্থানীয় মানুষের মতামত না নিয়ে প্রচলিত গ্রামের নাম পরিবর্তন করে নদী ও ফুলের নামে নাম রাখা উচিত হয়নি।’
মাটিকোপা গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিন জানান, ‘মাটিকোপা স্কুলে আমরা পড়াশোনা করতাম। স্কুলের নাম নিয়ে অন্য এলাকার বন্ধু-বান্ধবরা ঠাট্টা করতো। এখন স্কুলের নামটি মাতৃছায়া হওয়ায় খুশি হয়েছি।’
অপরদিকে জেলার বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কীভাবে বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে এটা তারা কেউ জানেন না।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সদস্য বুলবুল আহমেদ বলেন, সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করলেও হতো। অনেক মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে গ্রামকে চেনে। শুধু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করলে সমস্যার সমাধান হলো না। স্থায়ী সমাধানের জন্য ওইসব গ্রামগুলোর নামও পরিবর্তন করা দরকার। তাছাড়া যেসব নাম দেয়া হয়েছে ফুলের বা নদীর নামে তার চাইতে বিখ্যাত মানুষদের নামে দিলে বেশি ভাল হতো।
নাটোরের নাম পরিবর্তন বিদ্যালয়গুলো হলো- সিংড়া উপজেলার গুনাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে চন্দ্রমল্লিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাগনাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুষ্পবিথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঠিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দৌলনচাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কৃষ্ণচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাওধোয়া ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুনাইখাড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শিশু কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ডালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক লাডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগলাডুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়াটিকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হৈমন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিকিচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বিলাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
নাটোর সদর উপজেলার লেংগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আনন্দ ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাটিকোপা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বলদখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম স্বপ্নসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকোপা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর নাম অক্ষরমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শিশু কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম করে কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম লক্ষ্মীনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেংটাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাবনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ বিষয়ে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী জানান, উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে নাম পরিবর্তনের প্রস্তাব চাওয়া হয়েছিল। তাদের দেয়া তালিকা নিয়ে জেলা প্রশাসনের সভায় চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে শিশুদের মনে বিরূপ প্রভাব ফেলে এমন নেতিবাচক ভাবার্থ থাকায় ও শ্রুতিকটু হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নাটোরের ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের থেকে তথ্য চাওয়া হয়েছিল যে, শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনে প্রস্তাবনা দেয়ার জন্য। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি কমিটি যাচাই-বাছাই করে জেলা কমিটিতে নিয়ে আসা হয়। এটা অনেকবার বসা হয়েছিল। যথেষ্ট পর্যালোচনা করে নাম পরিবর্তনের প্রস্তাব প্রেরণ করেছিলাম। যার ফলশ্রুতিতে ৫১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এর পরে অনেকেই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।’











