
রাইজিং কুমিল্লা ডেস্ক
কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে নির্মাণাধীন নৌপথের ল্যান্ডিং স্টেশন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের কারণে মহেশখালী দেশের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “ এ উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পাবে।”
শুক্রবার (৫ জুন) প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC