রবিবার ২২ মার্চ, ২০২৬

মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Automatic signals to be installed at highway railway crossings- Agriculture Minister
মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। একইসঙ্গে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, হতাহতদের ক্ষতিপূরণ এবং সুচিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, কুমিল্লার এই দুর্ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় কিংবা বিদেশে পাঠানো হবে। এছাড়া নিহত প্রত্যেক পরিবারের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন।

এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল—এই দুই পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন এবং তাদেরকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. রেজা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন—কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

আরও পড়ুন