শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহে পার্কিং করা বাসে আগুন, দগ্ধ হয়ে ঘুমন্ত একজনের মৃত্যু

রাইজিং ডেস্ক

ময়মনসিংহে পার্কিং করা বাসে আগুন, দগ্ধ হয়ে ঘুমন্ত একজনের মৃত্যু/ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে; যিনি ওই বাসের চালক বলে ধারণা করছে পুলিশ।

সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া।ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান।

নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, রাত সোয়া ৩টার দিকে খবর পাই যে ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে- তিনি বাসের চালক জুলহাস মিয়া, যিনি সিটে ঘুমিয়ে ছিলেন।
আরও পড়ুন