
নিজস্ব প্রতিবেদক
ভোটার তালিকায় গরমিলের কারণে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।
মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন,“আমি ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম, সেটি আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা অবশ্যই আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করেছি।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কারণ দেখানো হয়েছে, সেটি স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত। বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যার চেয়ে প্রায় ২০০ জন বেশি ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তাসনিম জারা বলেন, “সেই স্বাক্ষরগুলো থেকে নির্বাচন কমিশন দৈবচয়নের মাধ্যমে ১০ জনের সত্যতা যাচাই করেছে। এর মধ্যে আটজনের তথ্য সঠিক পাওয়া গেছে। তবে বাকি দুইজনের ক্ষেত্রে সমস্যা দেখানো হয়েছে।”
এই দুইজন ভোটারের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “দুইজনের তথ্য যাচাই করা গেলেও বলা হয়েছে তারা ঢাকা-৯ আসনের ভোটার নন। কিন্তু তারা নিজেরাও জানতেন না যে তারা ঢাকা-৯ এর ভোটার নন।”
তিনি জানান, একজন ভোটারের বাসা খিলগাঁও এলাকায়, যা ঢাকা-৯ ও ঢাকা-১১—উভয় আসনের মধ্যেই পড়ে।
“তিনি জানতেন তিনি ঢাকা-৯ এর ভোটার। ওয়েবসাইটে যাচাই করতে গিয়েও ভোটার নম্বর খুঁজে পাননি। কিন্তু তার এনআইডি অনুযায়ী তিনি ঢাকা-৯ এর ভোটার বলে ধারণা করেছিলেন এবং সেই অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন।”
অন্য আরেকজন ভোটারের ক্ষেত্রেও একই ধরনের জটিলতার কথা তুলে ধরেন তাসনিম জারা।
“তার কাছে থাকা এনআইডির হার্ড কপিতে দেওয়া ঠিকানা অনুযায়ী তিনিও ঢাকা-৯ এর ভোটার ছিলেন বলে জানতেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি ঢাকা-৯ এর ভোটার নন। সেটাও তার জানার কোনো উপায় ছিল না।”
উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। এর আগে এনসিপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC