
নিজস্ব প্রতিবেদক
১৩তম (ত্রয়োদশ) জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলাকলি প্রতীকের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বলেন, সকাল সাড়ে ৯টায় থেকে ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার আজ ও আগামীকাল চলবে৷ এ পর্যন্ত সারা দেশের প্রায় ১৫০০ মনোনয়নপ্রত্যাশীদের দুদিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
খান মুহাম্মদ মুরসালীন বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
খান মুহাম্মদ মুরসালীন আরও জানান, এই প্রক্রিয়াই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে কাজ করবে।
এনসিপি আশা করে যে, একটি স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে।
এদিকে, সাক্ষাৎকার দেওয়ার জন্য সকাল থেকেই সারাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা শহীদ আবু সাঈদ কনভেনশন হলে উপস্থিত হচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC