
পাবনা জেলার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ অনন্ত ৩০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে পাবনা-সাঁথিয়া মহাসড়কের তলট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এবং মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত প্রায় দুইটার দিকে ছেঁচানিয়া ও তলটের মাঝামাঝি ব্রিজের কাছে ডাকাতরা সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মালবাহী ট্রাক থামিয়ে দেয়। এর পরপরই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ অন্তত ১৫ থেকে ২০টি যানবাহন আটকে যায়। এরপর ৩০ থেকে ৪০ জন ডাকাত হাসুয়া, রামদা, ছুরি ও অন্যান্য দেশি-বিদেশি অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে লুটপাট চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কমপক্ষে এক ঘণ্টা ধরে ডাকাতরা এসব গাড়িতে তাণ্ডব চালিয়েছে। গাড়ির গেট খুলতে দেরি করায় বেশ কয়েকটি গাড়ির দরজা-জানালা ভাঙচুর করা হয়েছে। বাধা দেওয়ায় ডাকাতের আক্রমণে যাত্রী এবং পরিবহণ শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গাড়িতে থাকা লোকদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় তারা।
গাড়ির দরজা খুলতে দেরি করায় কয়েকটি গাড়ি ভাঙচুরও করে তারা। এসময় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এ তাণ্ডব চলে।
ডাকাতির শিকার হওয়া আব্দুস সালাম নামের এক ব্যক্তি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাত দল হঠাৎ আমাদের ওপর আক্রমণ করে। বারবার গাড়ির গায়ে আঘাত করায় চালককে দরজা খুলতে বলি। এরপরই ডাকাতরা চালকের গলায় ও পেটে চাকু ধরে, আমাদের সবাইকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। আমরা বলেছিলাম, ভাই যা আছে নেন, কিন্তু কাউকে আঘাত করবেন না। আমাদের অনুরোধে আমার দুটি মোবাইল ফেরত দেয়।
তিনি আরও বলেন, একটি মাইক্রোবাসে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে ডাকাতরা আক্রমণ চালিয়ে কয়েকজনকে মারধর করে এবং তাদের সব কিছু লুটে নেয়।
এদিকে, স্থানীয়দের অভিযোগ—দীর্ঘ দেড় ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা চললেও পুলিশের কোনো তৎপরতা ছিল না। থানায় ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। আতঙ্কে রাত কাটানোর পর ডাকাতরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তারা সাঁথিয়া থানার ওসির অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়েই রাতেই পুলিশ পাঠানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।










